চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামে সৌদি আরব প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় ওই নারীও গ্রেপ্তার হয়েছেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তার এএসআই মোহাম্মদ নুরুন্নবী মুন্না ডিএমপিতে কর্মরত। আর ওই নারী কাজী পারভীন আক্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা এবং সৌদি আরব প্রবাসী মো. জহির শাহের স্ত্রী।
গত বুধবার রাতে নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির আই-ব্লকের একটি ফ্ল্যাটে স্থানীয়দের সহায়তায় নুরুন্নবী মুন্না ও পারভীন আক্তারকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামলার এজাহারে বলা হয়েছে, জহির শাহ ২০১৮ সাল থেকে সৌদি আরবে অবস্থান করছেন। নুরুন্নবী মুন্না অতীতে আকবরশাহ থানায় কর্মরত থাকার সুবাদে ২০২১ সাল থেকে ওই প্রবাসীর বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে তার সঙ্গে পারভীনের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এতে আরও বলা হয়, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নুরুন্নবী ওই ফ্ল্যাটে গিয়ে রাতযাপন ও শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পাশাপাশি আসামিরা পরস্পর যোগসাজশে জহির শাহের বিদেশ থেকে পাঠানো ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা সরিয়ে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে। এসবের আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে যাওয়ার পর প্রবাসী জহির শাহের ভাই বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা করেন। মামলায় ব্যভিচার, মারধর, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে নুরুন্নবী মুন্না ও পারভীন আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













