অভিনয়ের পর এবার গানে, নতুন জগতে হানিয়া আমির

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সংগীতাঙ্গনে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বুধবার প্রকাশ হয়েছে তার প্রথম একক গান ‘পাবলো’।
গানটির কথা ও সুর নিজেই করেছেন হানিয়া। পাঞ্জাবি র্যাপধর্মী এই গানটিতে উঠে এসেছে জনসমালোচনা ও মানুষের নানা মন্তব্য। এর মধ্য দিয়ে অভিনেত্রীর সৃজনশীল ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি শেয়ার করেছেন হানিয়া। গানে তাকে ‘ভুয়া’ বলে মন্তব্য করা সমালোচকদের কথাও উঠে এসেছে। পাশাপাশি, তার অসংখ্য ভক্ত রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় তাকে অনুসরণ করেন—এমন বিষয়ও তুলে ধরেছেন তিনি।
গানটির শেষাংশে ভারতের একটি রিয়েলিটি শোর ভিডিও ক্লিপ যুক্ত করেছেন হানিয়া। সেখানে ভারতীয় টিভি তারকা রাখি সাওয়ান্তকে হানিয়ার উদ্দেশে বিশেষ বার্তা দিতে দেখা যায়।
রাখি সাওয়ান্ত বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?’
তিনি আরও বলেন, কোনো ধরনের টেনশন না নিতে। হানিয়াকে ‘স্বর্গের কন্যা’ আখ্যা দিয়ে রাখি বলেন, তার মুখে ঐশ্বরিক আলো রয়েছে এবং অনেকে তার সৌন্দর্যে ঈর্ষান্বিত।
হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার পরামর্শও দেন রাখি।
হানিয়ার গানে রাখি সাওয়ান্তের এমন উপস্থিতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে গানটির মাধ্যমে নিজের সমালোচকদেরও আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়েছেন হানিয়া। সমালোচকদের বিরক্ত না হওয়ার বার্তা দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













