বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন হবে আজ বিকেল সাড়ে ৫টায়।
এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত উদ্বোধনের সময়সূচি পরিবর্তন করে আজ বিকেল সাড়ে ৫টা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মাসব্যাপী এ আয়োজনে দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলায় ইসলামী জ্ঞান, সাহিত্য, গবেষণা ও ইতিহাসবিষয়ক নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রি করা হবে।
এ ছাড়া পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক গ্রন্থের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইও পাওয়া যাবে।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলা ইসলামী জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বিস্তারের পাশাপাশি মানুষের মধ্যে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিকাশে ভূমিকা রাখবে। একই সঙ্গে ইসলামী সাহিত্য ও গবেষণাধর্মী গ্রন্থের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।
আজ বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাসব্যাপী এ আয়োজন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













