৩ হাজার টাকার ফ্রি শপিং ঘিরে মিরপুরের শোরুমে ভাঙচুর-লুটপাট!

রাজধানীর মিরপুরে ৩ হাজার টাকার ফ্রি শপিংয়ের অফার দিয়ে উদ্বোধনের দিনেই বিপাকে পড়েছে একটি শোরুম কর্তৃপক্ষ। বিপুলসংখ্যক মানুষের সমাগমের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে পল্লবী মেট্রো স্টেশনের পাশে ‘লাইভ শপিং ফ্যাক্টরি আউটলেট’ নামের শোরুমটির উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে ‘লাইভ শপিং’ নামের একটি ফেসবুক পেজে বিশেষ অফারের প্রচারণা চালানো হয়।
প্রচারিত পোস্টারে বলা হয়, শোরুমে থাকা দুটি গোলপোস্টের একটিতে শট নিয়ে গোল করতে পারলে ৩ হাজার টাকার পণ্য বিনা মূল্যে কেনাকাটা করা যাবে। এ অফারকে কেন্দ্র করে উদ্বোধনের আগেই শোরুমের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।
প্রত্যক্ষদর্শী ও শোরুম কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শুরুতে অফার ও খেলাকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা থাকলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় সামলাতে গিয়ে শোরুম কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হয়।
শোরুম কর্তৃপক্ষের অভিযোগ, একপর্যায়ে কিছু ব্যক্তি সাধারণ ক্রেতাদের সঙ্গে মিশে শোরুমে প্রবেশ করেন। পরে তারা সংঘবদ্ধভাবে শোরুমে ভাঙচুর শুরু করেন। এতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরিস্থিতি সামাল দিতে ‘লাইভ শপিং’–এর ফেসবুক পেজ থেকে জরুরি সহায়তা চেয়ে পোস্ট দেওয়া হয়। একই সময়ে পুলিশকে ফোন করে সহায়তা চাওয়া হয়েছিল বলেও দাবি করেছে শোরুম কর্তৃপক্ষ।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শোরুমে ব্যাপক লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। পরে ওই ফেসবুক পেজে আরেকটি পোস্ট দিয়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য ক্রেতাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়।
এ বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, তারা একটা অফার দিছিল, সেখানে ছোট করে লিখা ছিল ‘সিএ’ (কন্ডিশন অ্যাপ্লাই)। পাবলিক তো বুঝতে পারেনি, হুড়মুড় করে চলে আসছে। পরে সেখানকার লোকজনের সঙ্গে ঝামেলা বাধছে। পরে আমরা গিয়ে লোকজন বের করে দিয়েছি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে শোরুম আজকের মতো বন্ধ করে দিয়ে এসেছি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










