লোডশেডিং ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের প্রচারে আনসার-ভিডিপি

বিদ্যুৎ নিয়ে চলমান পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ কমানো ও বিদ্যুৎ অপচয় রোধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক ভবন ও জনসমাগমস্থলে এ প্রচারণা চালানো হয়।
বদরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দলনেতার উদ্যোগে পরিচালিত এ প্রচারণায় আনসার-ভিডিপির সদস্যরা বিভিন্ন দোকানপাট, হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অপ্রয়োজনীয় বাতি, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার অনুরোধ করেন। এ সময় বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
প্রচারণায় অংশ নেওয়া আনসার-ভিডিপির সদস্যরা বলেন, প্রয়োজন না থাকলে বাতি, ফ্যানসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলার বিষয়ে মানুষকে উৎসাহিত করাই এ কার্যক্রমের উদ্দেশ্য। তাঁদের মতে, ব্যক্তিগত পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ সম্মিলিতভাবে বিদ্যুতের ওপর চাপ কমাতে ভূমিকা রাখতে পারে।
আনসার-ভিডিপির পক্ষ থেকে জানানো হয়, প্রচারণার সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেকে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ও ফ্যান বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দারাও বিদ্যুৎ অপচয় রোধে নাগরিকদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তার কথা জানান। তাঁরা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জনসচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে এ ধরনের প্রচারণা অব্যাহত রাখা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













