উত্তরায় শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪
অ- অ+

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার ঢাকার উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১০/এ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আনিসুর রহমান (৫৬)। তার বাবার নাম মৃত ইব্রাহিম বিশ্বাস। র‍্যাব-১'র উত্তরা সিপিসি-১'র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আনিসুর রহমান ‘বিশ্বাস ট্রেডার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম চলেছে। এ সময়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার প্রায় ৪০০ থেকে ৫০০ সাধারণ মানুষকে আকর্ষণীয় অফারের মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য কেনাবেচার প্রলোভন দেখিয়ে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব জানায়, নির্ধারিত সময়ে গ্রাহকদের পণ্য দিতে ব্যর্থ হলে তারা আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পণ্য বা টাকা না পেয়ে প্রতারিত ব্যক্তিরা তার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেন। এসব মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০টি মামলায় আনিসুর রহমানকে বিভিন্ন মেয়াদে মোট ৮ বছর ৫ মাসের সাজা এবং ৮২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। কুমারখালী থানা পুলিশের কাছ থেকে অধিযাচন পাওয়ার পর র‍্যাব-১'র একটি দল তাকে গ্রেপ্তারের অভিযান চালায়।

গ্রেপ্তারের পর আনিসুর রহমানকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা