বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪
অ- অ+

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাণিজ্যিক জাহাজে হামলা ও তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে শক্ত অবস্থানে রয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে লেনদেন হচ্ছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে।

গত ছয় মাস ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্যে সম্প্রতি জাহাজ চলাচলে হামলার ঘটনায় তেল সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হলে বিশ্বজুড়ে তেলের মজুত আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে মার্কিন শক্তি তথ্য প্রশাসন (ইআইএ)। সংস্থাটি জানিয়েছে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি।

একইভাবে চলতি বছরে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে ইআইএ। আগের পূর্বাভাসের তুলনায় এই দামও প্রায় ৫ শতাংশ বেশি।

তবে ইআইএর সর্বশেষ প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক চরম উত্তেজনা শুরুর আগে গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। ফলে পরবর্তী সময়ে পরিস্থিতির আরও অবনতি হলে তেলের দামের পূর্বাভাসে নতুন করে পরিবর্তন আসতে পারে।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা