আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি: কাভান সুলিভান

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন বিস্ময়বালক কাভান সুলিভান। টানা চার ম্যাচে গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়ে এরই মধ্যে নজর কেড়েছেন মার্কিন ফুটবলের এই উঠতি তারকা। তবে মাঠের পারফরম্যান্সের বাইরেও কাভানকে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে রেখেছে এক গভীর পারিবারিক সম্পর্ক।
১৬ বছর বয়সী কাভানের নানি সুলতানা আলম বাংলাদেশি। সেই সূত্রে কাভানের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলছেন। সর্বশেষ বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাদের।
স্বাভাবিকভাবেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরা সুলিভান পরিবারকে আপন মনে করেন। তাই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রসঙ্গ ওঠে।
অনলাইনে ও গ্যালারিতে বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাসের বিষয়ে জানতে চাইলে কাভান বলেন, ‘ভালোবাসাটা ইদানীং টের পাচ্ছি তা নয়, বেশ কিছুদিন ধরেই এটা পেয়ে আসছি।
আগেও যেমনটি বলেছি—পরিবার হিসেবে আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি। ওখানকার মানুষদের ভালোবাসা আমরা সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’ বয়সভিত্তিক সাফের ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে রোনানের পানেনকা গোলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ডেকলানও বদলি নেমে দারুণ খেলেন।
ভাইদের সেই স্মরণীয় সাফল্য এবং ভবিষ্যতে আবার বাংলাদেশে খেলতে যাওয়ার সম্ভাবনা নিয়ে কাভান বলেন, ‘আমার ভাইয়েরা যখন ওখানে যায়, ব্যাপারটা দারুণ লাগে।
আশা করি তারা আবারও সেখানে ফিরবে, কয়েকটি ম্যাচ খেলবে এবং আরেকটি টুর্নামেন্ট জিতবে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































