নেপালের ভয়াবহ দুর্যোগ থেকে অল্পের জন্য বাঁচলেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৩
অ- অ+

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬০০। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুটিংয়ে থাকা ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো ইউনিট বিপাকে পড়ে। তবে একদিনের ব্যবধানে যাত্রার পরিকল্পনা থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং স্থগিত করে দেশে ফিরেছে সিনেমাটির টিম। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। কাকতালীয়ভাবে পরদিন, ২৭ আগস্ট একই পথ দিয়ে কাঠমান্ডুর দিকে ফেরার কথা ছিল ‘শিকার’ সিনেমার পুরো ইউনিটের।

অপু বিশ্বাস বলেন, তাদের কাঠমান্ডুতে ফেরার নির্ধারিত পথের কাছাকাছিই দুর্ঘটনাটি ঘটে। একদিন পর যাত্রার পরিকল্পনা থাকায় আল্লাহর রহমতে তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

দুর্যোগের কারণে ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। তার মতে, নির্ধারিত সময়ের একদিন আগে ওই পথে যাত্রা করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।

এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে মানবিক মনে করেননি অপু বিশ্বাস। তাই পুরো ইউনিটের সঙ্গে আলোচনা করে গানের শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নিরাপদে দেশে ফেরেন সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা।

এর আগে বেশ কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাসরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের খবর প্রকাশের পর থেকেই ‘শিকার’ সিনেমার শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জি নিরাপদে থাকার খবর দেন। এর কয়েক ঘণ্টা পর ঢাকায় ফেরেন অপু বিশ্বাসও।

প্রাকৃতিক দুর্যোগের কারণে শুটিং স্থগিত হলেও নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ‘শিকার’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

(ঢাকাটাইমস/২৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন দিন পর বন্ধ ঘরের দরজা খুলে মিলল শিক্ষার্থীর মরদেহ
মালয়েশিয়ায় বিনা খরচে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী
উষ্ণতা বৃদ্ধিতে গলে যাচ্ছে হাজার বছরের বরফ, বাড়ছে বিপর্যয়কর বন্যার ঝুঁকি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেপ্তার, মামলা ৩০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা