শিরোনাম :

অদম্য রিপার কাছে হার মানলো অভাব

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:১৫
অ- অ+

অভাব-অনটন আর নানা প্রতিকূলতা দমাতে পারেনি ঝিনাইদহের মহেশপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী রিপা খাতুনকে। সীমিত সামর্থ্যের পরিবারে বেড়ে ওঠা রিপা এবার এইচএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁর স্বপ্ন, ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন বিচারক হওয়া।

উপজেলার ভাইলপুর গ্রামের আঃ রশিদের মেয়ে রিপা খাতুন এ বছর মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন। তাঁর পরীক্ষার মোট নম্বর ১০৫৯। এর আগে এসএসসি পরীক্ষাতেও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন রিপা। রিপার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। মাত্র ৫ শতক জমির ওপর ছোট্ট বসতঘরে তাঁদের বসবাস। তাঁর বাবা একজন দিনমজুর ও কৃষক। নিজেদের সামান্য জমিতে চাষাবাদের পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করেন। সীমিত আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ জোগাতে তাঁর বাবা-মাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে দারিদ্র্যকে কখনো নিজের স্বপ্নের পথে বাধা হতে দেননি রিপা। ভালো ফলাফলের জন্য প্রতিদিন নিয়মিত ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করেছেন সে। বাবা-মায়ের অনুপ্রেরণা এবং শিক্ষকদের সহযোগিতা তাঁর এগিয়ে চলার পথকে আরও সহজ করেছে। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজ এই সাফল্য অর্জন করতে পেরেছেন তিনি।

রিপা খাতুন জানান, ভবিষ্যতে আইন বিষয়ে পড়াশোনা করে বিচারক হতে চান তিনি। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর স্বপ্ন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও তিনি উচ্চশিক্ষা গ্রহণের ব্যাপারে আশাবাদী। রিপার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম বলেন, তার প্রত্যাশা, সব প্রতিকূলতা জয় করে উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাবেন রিপা এবং একদিন তাঁর বিচারক হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

(ঢাকা টাইমস/৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬
শনিবার ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে শিক্ষকদের, মাউশির নির্দেশনা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবার মৃত্যু
এএসপি পদে পদোন্নতি পেলেন ৭৮ পুলিশ পরিদর্শক