১৭ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষকের নাম–মো. রফিকুল ইসলাম (২৮)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি মুসলিমনগরের তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার বিকালে একজন ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, মাদ্রাসার এক শিক্ষক ১৭ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করেছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই শিক্ষককে মারধর করে আটকে রেখেছেন। এলাকায় উত্তেজনাও বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান কলার।
পরে ৯৯৯ থেকে ফতুল্লা থানাকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। ফতুল্লা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী ওই ছাত্র এক বছর আগে কোরআন ভালোভাবে মুখস্থ করার জন্য মাদ্রাসাটিতে ভর্তি হয়। অভিযোগ, গত এক বছর ধরে রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রকে বলাৎকার করে আসছিলেন।
সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে বলাৎকারের পর ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ করা হয়েছে। পরে তার মা তাকে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে যান। বিষয়টি জানার পর তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান। তখন শিক্ষক রফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি স্বীকার করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































