পুলিশে রদবদল: কে কোথায় গেলেন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ কমিশনারের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রবিবার পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রজ্ঞাপনগুলোতে সই করেন।
একটি প্রজ্ঞাপনে, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে এবং লালমনিরহাট এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পুলিশ টেলিকমে, খুলনা ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে এবং পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ডিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুর সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আর সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তার ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ ও রাজশাহী গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানের সহকারী পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













