মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার, দম্পতি আটক

ঝিনাইদহে মহেশপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে মো. জাকরিয়া (২৯) এবং তার স্ত্রী মোছা:পারভিন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই মো. টিপু সুলতানের নেতৃত্বে একটি টিম নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়ির ২য় তলায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকারিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে বিছানার নিচে তল্লাশি চালিয়ে ৬,৭০০ পিস ভারতীয় উত্তেজক ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাচালান ও মাদক দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































