ব্রাজিলিয়ান উইঙ্গার আলান এলিয়াসকে কিনল ম্যানচেস্টার সিটি

ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিয়োর ক্লাব ছাড়ার ঠিক এক সপ্তাহের মাথায় তার শূন্যতা পূরণ করল ম্যানচেস্টার সিটি। ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে রাইট-উইঙ্গার আলান এলিয়াসকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।
সোমবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ইংলিশ ক্লাবটি পাঁচ বছরের চুক্তিতে ২২ বছর বয়সী তরুণ এই ব্রাজিলিয়ানকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তিনি ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত ইত্তিহাদ স্টেডিয়ামে থাকবেন।
অফিসিয়াল বিবৃতিতে ট্রান্সফার ফির পরিমাণ গোপন রাখা হলেও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, আলান এলিয়াসকে পেতে সিটির প্রাথমিক খরচ হয়েছে তিন কোটি ২০ লাখ পাউন্ড। পারফরম্যান্স বোনাস হিসেবে পালমেইরাস আরও ২০ লাখ পাউন্ড পেতে পারে।
পালমেইরাসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৬ ম্যাচ খেলে ৯টি গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটির একাডেমি থেকে উঠে আসা আলান এলিয়াস ক্যারিয়ারে নতুন ঠিকানা হিসেবে বিশ্বখ্যাত ম্যানচেস্টার সিটিকে পেয়ে গর্বিত।
তিনি বলেন, 'আমার কাছে এটি পরাবাস্তব এক অনুভূতি। গত ১৫ বছরে ম্যানচেস্টার সিটি যা কিছু জিতেছে, তাতে এটি বিশ্বের যেকোনো ফুটবলারের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পরিণত হয়েছে। আজ এখানে বসে আমি সিটি পরিবারের সদস্য বলতে পারাটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।'
গত সপ্তাহে সিটির অপর ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিয়ো টটেনহ্যাম হটস্পারে পাড়ি জমানোর পরই মূলত ডান উইং শক্তিশালী করতে মরিয়া হয়ে ওঠে সিটি কর্তৃপক্ষ। পেপ গার্দিওলার যুগ শেষে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে চলতি গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের স্কোয়াড ঢেলে সাজাচ্ছে সিটি।
এর আগে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন এবং তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদিকে দলে ভিড়িয়েছে তারা। শোনা যাচ্ছে, মঙ্গলবার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে লিভারপুলের কোডি গাকপো ও চেলসির এনজো ফার্নান্দেজকেও দলে আনার চেষ্টা চালাচ্ছে সিটি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































