১৬০ রানেই অলআউট বাংলাদেশ, ফাইনালে উঠতে দরকার ৪১ রানের জয়

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ১৬০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে টাইগারদের।
শুক্রবারের ফাইনালে জায়গা করে নিতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। প্রথম সাত ওভারে মাত্র ২৮ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার, অধিনায়ক তাওহীদ হৃদয় ও আলিস আল ইসলাম রানের খাতা খোলার আগেই ফিরে যান।
এরপর পঞ্চম উইকেটে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন প্রতিরোধ গড়েন। ১৪৭ বল খেলে ৯৩ রানের জুটি গড়েন তাঁরা। তবে তাঁদের ধীরগতির ব্যাটিংয়ে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়নি।
৩১.৩ ওভারে ৪১ রান করে সাইফ আউট হলে ভাঙে এই জুটি। ৮২ বলের ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ৪১ রান। এরপর মেহেদী হাসান মিরাজ ৬ বলে ২ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ইমন। তবে বড় শট খেলার সুযোগ না পাওয়ায় দলের রানও প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। ৩৭.৩ ওভারে ১৪৭ রানে শরীফুল ইসলাম সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন।
শেষ পর্যন্ত ৪০তম ওভারের দ্বিতীয় বলে রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইমন। ৯৬ বলে ৭০ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।
ইমনের বিদায়ের পর শেষ দিকে তাসকিন আহমেদ ও আলিস আল ইসলাম ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের প্রচেষ্টাও বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি।
এখন ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত কিছু করতে হবে বাংলাদেশকে। ১৬১ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে অন্তত ৪১ রানে হারাতে পারলেই শুক্রবারের ফাইনালে খেলার সুযোগ পাবে টাইগাররা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













