২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু, দাম্মামের ফ্লাইট আজ থেকে

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৫ অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে।
এদিকে, আজ বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ঢাকা-দাম্মাম রুটে ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে। এ সময় প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে উড়োজাহাজ ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-জেদ্দা রুটেও ফ্লাইট চলাচলের সূচি নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












