সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। নিহত ব্যক্তির পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এ ছাড়া পরিবারটিকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ধর্মমন্ত্রী।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নাসরুল্লাহ বদরপুরি নিহত হন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা ছিলেন। ৪৫ বছর বয়সী নাসরুল্লাহ একজন মুফতি এবং ওমরাহ কাফেলার দলনেতা ও ইমাম ছিলেন।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার খবর পাওয়ার পরপরই ধর্মমন্ত্রী আক্রান্ত ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করে আহত ব্যক্তিদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। তখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও কাফেলার সদস্যদের সার্বিক খোঁজখবর নেন মন্ত্রী। তাঁদের থাকা-খাওয়া ও নতুন পোশাকের ব্যবস্থাও করা হয়।
ধর্মমন্ত্রীর পক্ষ থেকে গত ১৩ অক্টোবর মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নাসরুল্লাহর বাড়ি নাঙ্গলকোটের বদরপুরে যায়। সেখানে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। পরিবারের সঙ্গে ফোনালাপেও নাসরুল্লাহর মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ধর্মমন্ত্রী।
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার শিকার ৪৫ সদস্যের বাংলাদেশি ওমরাহ কাফেলার ৩৩ জন দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের অভ্যর্থনা জানানো হয়।
ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, হজ অনুবিভাগের পরিচালক মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ছাদেক আহমদ বলেন, সৌদি আরব থেকে ফিরে আসা ওমরাহযাত্রীদের জন্য ধর্মমন্ত্রী নৈশভোজের ব্যবস্থা করেছেন। তাঁদের নিজ নিজ মাদ্রাসা ও বাসায় নিরাপদে পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবেন ধর্মমন্ত্রী। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশি ওমরাহ কাফেলার দলনেতা নাসরুল্লাহ বদরপুরি নিহত হন। এ ঘটনায় অন্য এক বাংলাদেশি নাগরিকও নিহত হন। আহত হন ২৪ জন বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে ওই ওমরাহ কাফেলার সাতজন সদস্য সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
হামলার পর কাফেলার সদস্যদের লাগেজ হারিয়ে গেলে মক্কায় অবস্থানকালে তাঁদের খাবার ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্যও সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হয়।
দেশে ফেরা ওমরাহযাত্রীরা বিপদের সময়ে পাশে দাঁড়ানো এবং দেশে ফেরার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে ধন্যবাদ জানান। তারা জানান, মন্ত্রী নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি দেশে ফেরা এবং বাসায় পৌঁছানোর জন্য গাড়ির ব্যবস্থা করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











