শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের চারটি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনার মধ্যে রয়েছে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি কয়েকটি স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এর মধ্যে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজ।
এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানিয়েছে মাউশি।
মাউশির চার নির্দেশনা
১. পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা: শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
২. ডেঙ্গু প্রতিরোধ: কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
৩. সচেতনতামূলক কার্যক্রম: শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
৪. শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ: শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













