চুয়েটে ২৯ দিন ধরে কমপ্লিট শাটডাউন, বন্ধ শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ২১:৫৭
অ- অ+

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সৃষ্ট অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত শেষ করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইউজিসি এ কমিটি গঠন করে। এর আগে রবিবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইউজিসিকে নির্দেশনা দেওয়া হয়। উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের টানা ২৯ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে এ উদ্যোগ নেওয়া হলো।

ইউজিসির গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। কমিটির অন্য তিন সদস্য হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জামিনুর রহমান বলেন, চুয়েটের অচলাবস্থা কাটিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে সুনির্দিষ্ট সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর অনলাইনে অনুষ্ঠিত চুয়েটের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভায় সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি বা পরামর্শক দল গঠনের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ইউজিসিকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অচলাবস্থা নিরসন ও একাডেমিক কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ইউজিসির সদস্য পর্যায়ে তদন্ত বা পর্যালোচনা কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সুপারিশ জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়। পরে ইউজিসি পাঁচ সদস্যের কমিটি গঠন করে।

ওই অনলাইন সভায় সিন্ডিকেটের ১৫ সদস্যের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ছয়জন অংশ নেন। চুয়েটের কোনো শিক্ষক প্রতিনিধি সভায় যোগ দেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক প্রতিনিধিও সভায় অনুপস্থিত ছিলেন।

চুয়েটের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

গত ১২ অক্টোবর সকালে বহিরাগতদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। পরে শিক্ষার্থীরা তাঁকে ভেতরে রেখেই ভবনের ফটকে তালা দেন। প্রায় ৩৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ১৩ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে তাঁকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি কেবিনে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার তিনি আবার চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরে আসেন। পরদিন সকালে সেখান থেকে চলে যান তিনি। বর্তমানে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দীর্ঘ অচলাবস্থায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে ছয়টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন পরীক্ষাসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপূজার ছুটিতে বর্তমানে ক্যাম্পাস ফাঁকা রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করাই তাঁদের একমাত্র দাবি। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। তবে ছুটির মধ্যে আপাতত আন্দোলনের কোনো কর্মসূচি থাকবে না।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আহনাব শাহরিয়ার অর্ণব বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পূজার ছুটি শেষে ক্যাম্পাস খোলার পরও শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬
পতিত সরকারের আমলে আলেমদের অকথ্য নির্যাতন করা হতো: রাষ্ট্রপতি
দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি
তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার