প্রতারক গ্রেপ্তার

টিকটকে ভুয়া তান্ত্রিকের ফাঁদে নারী, খোয়ালেন সাড়ে ৬ লাখ টাকা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৫১
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তান্ত্রিক পরিচয়ে পারিবারিক সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (২৫) নামের এক তরুণের বিরুদ্ধে। টাকা ফেরত চাইলে ওই নারীকে অলৌকিক শক্তির ভয় দেখানো হয়। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১৬ অক্টোবর জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর ভাটিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মুঠোফোন ও একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

সোমবার রাজধানীর কল্যাণপুরে পিবিআইয়ের এসআইঅ্যান্ডও (উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার আবদুর রহমান।

পিবিআই জানায়, টিকটকে ‘তান্ত্রিক গুরু জীবন কবিরাজ’ নামের অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেকে তান্ত্রিক ও কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম পরিচয় দিতেন মিজানুর রহমান। তার ভিডিও দেখে পারিবারিক সমস্যা সমাধানের আশায় এক নারী যোগাযোগ করেন। পরে কবিরাজির উপকরণ কেনার কথা বলে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেন তিনি।

গত ২৬ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ওই নারী মোট ৬ লাখ ৫০ হাজার টাকা পাঠান। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় টাকা ফেরত চান তিনি। তখন তাকে অলৌকিক শক্তির ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ৪ জুলাই উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। গত ১০ অক্টোবর মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআইয়ের এসআইঅ্যান্ডও (উত্তর) বিভাগ। বর্তমানে মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক মো. নাজমুল হক।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিজানুর রহমান বিভিন্ন টিকটক অ্যাকাউন্টে কবিরাজি উপাদান হিসেবে হাড়, মাছ, পাখি ও অন্যান্য প্রাণী ব্যবহার করে ভিডিও প্রকাশ করতেন। এসব ভিডিওর মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণার ফাঁদ পাততেন তিনি বলে অভিযোগ পেয়েছে পিবিআই।

সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার আবদুর রহমান বলেন, প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক, কবিরাজ কিংবা অলৌকিক উপায়ে সমস্যা সমাধানের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শও দেন।

মামলার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের  
জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, জনগণ আতঙ্কিত: নাহিদ ইসলাম
পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা
প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের ব্যান্ড টিম বৃষ্টি