বৃত্তাকার নৌপথে চালু হতে পারে ওয়াটারবাস, ভাসমান হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী

সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে নৌপরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি রাজধানীর বৃত্তাকার নৌপথে আধুনিক ও পরিবেশবান্ধব ওয়াটারবাস চালুর সম্ভাবনা নিয়েও কাজ চলছে।
সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌর পার্ক ঘাটে নোঙর করা ‘ইমপ্যাক্ট জীবন তরী’ ভাসমান হাসপাতাল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলে সেবার মান ও তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। নদীতীরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালটির ভূমিকার প্রশংসা করেন তিনি।
চোখ, নাক-কান-গলা ও হাড়ের বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
একই দিন দুপুরে নারায়ণগঞ্জে প্রাণ-আরএফএল কারখানা পরিদর্শন করেন রাজিব আহসান। সেখানে বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে নির্মাণাধীন ওয়াটারবাসের মডেল দেখেন তিনি।
এ সময় নগর পরিবহনে নৌপথের ব্যবহার বৃদ্ধি, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আধুনিক জলযান চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নগর পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানো গেলে যাত্রীদের জন্য বিকল্প ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ তৈরি হবে। তবে এ ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা, সেবার মান ও জলযানের উপযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
নৌপথের আধুনিকায়ন ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি ওয়াটারবাস চালুর মাধ্যমে সড়কের ওপর চাপ কমানো এবং নগরবাসীর যাতায়াতে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












