সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, ভাতা আগের হারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:০০
অ- অ+

নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও আপাতত আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। নতুন বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী ভাতা কার্যকরের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত গত ৩০ জুন যে হারে ভাতা পেতেন, সেই হারেই তা দেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

এদিকে চলতি মাসের শেষেই বাড়তি বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন নির্ধারণের কাজ চলছে। সরকারি কর্মচারীদের বেতন অনলাইনে নির্ধারণের এ প্রক্রিয়া মঙ্গলবার (২০ অক্টোবর) শেষ হওয়ার কথা রয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বাড়তি বেতন দেয়ার জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ফলে চলতি মাস শেষে নতুন কাঠামো অনুযায়ী নির্ধারিত বর্ধিত মূল বেতন পাওয়ার কথা সরকারি কর্মচারীদের।

সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নতুন কাঠামো অনুযায়ী ভাতা পরে কার্যকর হবে বলে আগেই জানিয়েছিল সরকার।

নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর ধরা হলেও পুরো বর্ধিত বেতন একসঙ্গে দেওয়া হবে না। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী ভাতা দেওয়া শুরু হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন বেতন নির্ধারণের জন্য সরকারি কর্মচারীদের ৫ অক্টোবর থেকে সরকারের আইবাস প্লাস ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হচ্ছে। অনলাইনে এ কার্যক্রম শেষ হলে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা
প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের ব্যান্ড টিম বৃষ্টি
বৃত্তাকার নৌপথে চালু হতে পারে ওয়াটারবাস, ভাসমান হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এ বছর প্রাণহানি ১২০১