হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এ বছর প্রাণহানি ১২০১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এ হিসাব পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ বছর এখন পর্যন্ত সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে।
চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এবং নতুন রোগী শনাক্তের এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













