আমার কারণে সরকারের কর্মকাণ্ড ম্লান হোক চাই না: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:২০
অ- অ+

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদকবিরোধী অভিযানে সেদিন তিনি কোনো ভুল করেননি। তবে তার কর্মকাণ্ডের কারণে সরকারের কার্যক্রম যেন ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন এসব কথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তার আবেদনে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে তাকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আমার কারণে যেন সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়।

ইশরাক বলেন, তিনি ঢাকা-৬ আসনের জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ তারিখ শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে ইশরাক বলেন, আজ থেকেই তিনি স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। তবে মাদকের বিরুদ্ধে তার কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা-৬ আসন ও এর আশপাশের এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি জনজীবনের অন্যান্য সমস্যা নিয়েও কাজ করতে চান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছ, চালিয়ে যাও।’

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়া নিয়ে সমালোচনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমি সেদিন সেখানে জঙ্গি দমন করতে যাইনি, চাঁদা তুলতেও যাইনি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম।’

ইশরাক বলেন, মাদকবিরোধী কার্যক্রম নিয়ে গণমাধ্যমের কাছে তাঁর প্রত্যাশা ছিল, এ কাজে তাঁকে উৎসাহ দেওয়া হবে, যাতে প্রতিটি মাদকের স্পটে অভিযান চালাতে পারেন। কিন্তু পুরো বিষয়টি অস্ত্র ও তাঁকে কেন্দ্র করে আলোচনায় সীমাবদ্ধ হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি। এতে অভিযানের মূল উদ্দেশ্য আড়ালে চলে গেছে বলে মনে করেন তিনি।

অস্ত্র সঙ্গে রাখা নিয়ে ইশরাক বলেন, ‘আমি সেদিন কোনো ভুল করিনি। আমার নিরাপত্তার জন্য যতটুকু সময় প্রয়োজন হয়েছে, ততক্ষণই অস্ত্র সঙ্গে রেখেছিলাম।’

গত দুই দিন ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে এ ঘটনা নিয়ে খবর প্রকাশিত হচ্ছে উল্লেখ করে ইশরাক বলেন, বিষয়টি বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।

এর আগে গত শনিবার ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালান ইশরাক হোসেন। ওই অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযানের সময় তার অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরপর রবিবার রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পরে ইশরাক এ ধরনের খবরকে গুজব বলে উল্লেখ করেন এবং সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানিয়েছিলেন, দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি।

ওই পোস্টে তিনি আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করতে চান। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলায় সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৭ অক্টোবর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬
ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর এসআরবি-৮
শ্রীপুরে সড়কের পাশে ২০০ শিমুলের চারা রোপণ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম: মেয়র শাহাদাত