শ্রীপুরে সড়কের পাশে ২০০ শিমুলের চারা রোপণ

প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে আঞ্চলিক সড়কের দুই পাশে দুই শতাধিক শিমুলের চারা লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার বেন্নাবাইদে উজিলাব-বেন্নাবাইদ আঞ্চলিক সড়কের পাশে চারা রোপণ কার্যক্রম শুরু হয়। নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং শ্রীপুর পৌরসভার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। চারাগুলো উৎপাদন ও সরবরাহে সহযোগিতা করে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার।
কর্মসূচিতে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শ্রীপুরেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে গাছ লাগানো হয়েছে। বৃক্ষরোপণ কার্যক্রম ইতিমধ্যে গণ-আন্দোলনে রূপ নিয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নাহিদ ইসলাম ভূঞা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে উপজেলা ও পৌরসভার উদ্যোগে ইতিমধ্যে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি নদী ও প্রকৃতি ফাউন্ডেশনও এ কার্যক্রমে ভূমিকা রাখছে। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের এ উদ্যোগ অব্যাহত থাকবে। তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের কটন এগ্রোনোমিস্ট কৃষিবিদ আব্দুল ওহাব জানান, খামারের উদ্যোগে শ্রীপুরে এ পর্যন্ত ২৭ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এসব চারার মধ্যে ২৫ হাজার শিমুল এবং দুই হাজার মসলিন গাছের চারা রয়েছে।
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই তাঁদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













