মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মন্ত্রিপরিষদ থেকে ইশরাকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৩৩| আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৩
অ- অ+

মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অব্যাহতি চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যেতে বলেছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানের বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারিত খবর নিয়ে সমালোচনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ‘আমি সেদিন সেখানে জঙ্গি দমন করতে যাইনি, চাঁদা তুলতেও যাইনি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। এই কাজটি নিয়ে গণমাধ্যমের কাছে আশা ছিল, আমার এই কাজে তারা আমাকে সাহস জোগাবে, যাতে প্রতিটি স্পটে অভিযান চালাতে পারি। কিন্তু পুরো বিষয়টি দুটি প্রসঙ্গে সীমাবদ্ধ হয়ে গেল—অস্ত্র ও ইশরাক। এতে পুরো অভিযানের মূল উদ্দেশ্যটাই নষ্ট করা হলো।’

তিনি বলেন, দুই-তিন ধরে সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত ও কল্পকাহিনী বানানো হয়েছে। সংবাদমাধ্যমে আমাকে টার্গেট করা হয়েছে, আমাকে হেয় করা হয়েছে, দলও বিব্রত হয়েছে।

অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি সেদিন কোনো ভুল করিনি। আমার নিরাপত্তার জন্য যতটুকু সময় প্রয়োজন হয়েছে, ততক্ষণই অস্ত্র সঙ্গে রেখেছিলাম।’

ইশরাক আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আজ আমি প্রধানমন্ত্রীর কাছে যাই এবং তাঁকে বলি, আমি পদত্যাগ করতে চাই। আমি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। আমি মনে করি, আমার কারণে যেন আপনার কোনো কর্মকাণ্ড আড়ালে পড়ে না যায়।’

এদিন দুপুর পৌনে ১টায় কয়েকশত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি জাতীয় প্রেসক্লাবে প্রবেশ করেন।

এসময় ইশরাক সমর্থকরা স্লোগান দিতে থাকেন– ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’; ‘রাজপথের ইশরাক ভাই, তোমার কোনো ভয় নাই’; ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।

এর আগে সোমবার সকালে ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

আক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল!মাদক নির্মূল, মাদক নির্মূল!’

এর আগে গতকাল রাতে ঢাকা টাইমসসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও বিষয়টি নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পরে বিষয়টিকে ‘গুজব’ বলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মূলত গত শনিবার নিজ সংসদীয় আসনের (ঢাকা-৬) আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই অভিযানে তার অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর মধ্যেই রবিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন— এমন খবর সংবাদমাধ্যমে প্রচারিত হয়। পরে বিষয়টি সম্পর্কে জানতে মোবাইলে যোগাযোগ করা হলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘শত শত ফোন আসছে, গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে সড়কের পাশে ২০০ শিমুলের চারা রোপণ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম: মেয়র শাহাদাত
যমুনা নদীতে উপজেলা প্রশাসনের চিরুনি অভিযান, জরিমানা
দল চাইলে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক