দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ২১:৪১
অ- অ+

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলস কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

দুর্গাপূজা নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করে মো. আলী হোসেন ফকির বলেন, এ ধরনের অপচেষ্টার বিষয়ে পুলিশ সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের চেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর জানিয়ে আইজিপি বলেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আইজিপি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যেক নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

পরে আইজিপি নারায়ণগঞ্জের আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শংকর কুমার দেসহ পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়েটে ২৯ দিন ধরে কমপ্লিট শাটডাউন, বন্ধ শিক্ষা কার্যক্রম
পতিত সরকারের আমলে আলেমদের অকথ্য নির্যাতন করা হতো: রাষ্ট্রপতি
তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার
টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২