ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি আবার চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা মামলায় গত ১৯ অক্টোবর আদালত লটারি চালুর পক্ষে রায় দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস। তবে বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবরের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ, ১ নভেম্বর থেকে আবেদনপোর্টাল চালু এবং অন্তত ৩০ দিন আবেদন গ্রহণের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত আবেদনকারীদের ৩ ডিসেম্বরের মধ্যে অবহিত করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব সময়সূচি কার্যকর হবে কি না, তা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করছে।
ডিভি লটারির মাধ্যমে প্রতিবছর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা দেওয়া হয়। বিশ্বের যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকেরা সাধারণত এ কর্মসূচিতে আবেদন করার সুযোগ পান।
তবে বাংলাদেশিরা ২০১২ সাল থেকে ডিভি লটারিতে অংশ নেওয়ার যোগ্য দেশের তালিকায় নেই। যুক্তরাষ্ট্রে আগের পাঁচ বছরে কোনো দেশ থেকে ৫০ হাজারের বেশি মানুষ অভিবাসী হিসেবে গেলে সাধারণত সেই দেশকে এ কর্মসূচির বাইরে রাখা হয়। ডিভি-২০২৬ কর্মসূচির নির্দেশনাতেও বাংলাদেশকে অযোগ্য দেশের তালিকায় রাখা হয়েছিল।
এবার লটারি চালু হলেও বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, তা জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা করতে হবে। তাই এ বিষয়ে নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত বাংলাদেশিদের আবেদন করার সুযোগ ফিরেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
ডিভি লটারিতে আবেদন বিনা মূল্যে করা যায়। এ কর্মসূচিতে আবেদন করিয়ে দেওয়ার নামে কেউ অর্থ চাইলে সতর্ক থাকা প্রয়োজন। আবেদনসংক্রান্ত তথ্যের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক ওয়েবসাইট "dvprogram.state.gov" (https://dvprogram.state.gov) অনুসরণ করা উচিত।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













