৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে।
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত। ছুটি শেষে ২৫ অক্টোবর (রবিবার) থেকে সরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













