চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে অর্থনীতি-বিনিয়োগ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পাবে। সফরকে কেন্দ্র করে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে অন্তত চারটি সই হতে পারে বলে আশা করছে ঢাকা।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব এ তথ্য জানান।
পররাষ্ট্রসচিব বলেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সময়োপযোগী করার সুযোগ তৈরি হবে। নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট চাপ মোকাবিলায় জাপানের কাছে ২০০ কোটি ডলারের সহায়তা চাইতে পারে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের জাপানি অবকাঠামো প্রকল্পে অর্থায়নের ব্যয় কমানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও মানবসম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ‘কৌশলগত অংশীদারত্বের’ আওতায় বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বার্তা দিতে পারে টোকিও। পাশাপাশি হালনাগাদ অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশকে পাশে চায় জাপান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর জুনে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং সফরের পর টোকিও সফরকে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে, গত এপ্রিলের শেষ দিকে জাপানের কৃষি, বন ও মৎস্যমন্ত্রী নরিকাজু সুজুকি ঢাকা সফর করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির লেখা একটি চিঠি তাঁর হাতে তুলে দেন।
পরে আগস্টে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা—ফরেন অফিস কনসালটেশনেও (এফওসি) তারেক রহমানের জাপান সফর নিয়ে আলোচনা হয়। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে পরবর্তী সময়ে সফরের তারিখ চূড়ান্ত করা হয়।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













