আলবার্টার গণভোটে কানাডার পক্ষেই জনমত, ট্রাম্পের মিত্রদের পরাজয়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১৪:২৭
অ- অ+

কানাডা থেকে তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশের বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে গণভোটের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কানাডার সঙ্গে থাকার পক্ষের সমর্থকেরা। ভোট গণনার এক-তৃতীয়াংশ শেষে পাওয়া ফলে ৭৬ শতাংশের বেশি ভোট পড়েছে জাতীয় ঐক্যের পক্ষে। এতে ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রাথমিক ফলাফলের বরাতে কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি ও বেসরকারি টেলিভিশন নেটওয়ার্ক সিটিভি এ তথ্য জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই গণভোট আয়োজনের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোট আয়োজনের সময়টি ছিল ‘সবচেয়ে অনুপযুক্ত’। তাঁর মতে, একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চলছে, অন্যদিকে বিভিন্ন অঞ্চলকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার হুমকিও দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তবে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আলবার্টা প্রসপারিটি প্রজেক্ট’-এর শীর্ষ নেতা জেফরি র্যাথ বলেছেন, ভোটের ফল যা-ই হোক, স্বাধীন আলবার্টা গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘এই লড়াই থেকে আমরা অনেক কিছু শিখেছি।’

বিচ্ছিন্নতাবাদীদের সমর্থক জুর ডেইন ফলাফলে হতাশা প্রকাশ করে বলেন, কানাডার অংশ হিসেবে থাকার প্রবণতা অব্যাহত থাকলে তিনি আলবার্টা ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কথা ভাববেন।

অন্যদিকে, এডমন্টনে কানাডার সঙ্গে থাকার পক্ষের সমর্থকদের আয়োজিত অনুষ্ঠানে ইতিবাচক ফলের প্রত্যাশায় গান-বাজনার আয়োজন করা হয়। ‘ফরেভার কানাডিয়ান’ সংগঠনের প্রধান থমাস লুকাসজুক বলেন, কানাডীয়দের মধ্যে এমন উৎসাহ ও দৃঢ় সংকল্প দেখা দারুণ ব্যাপার।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ জানিয়েছেন, তিনি স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছেন। তবে প্রদেশে দীর্ঘদিন ধরে চলা বিচ্ছিন্নতাবাদী বিতর্কের স্থায়ী সমাধানের লক্ষ্যেই গণভোটের আয়োজন করেছিলেন বলে জানান তিনি।

স্মিথের মতে, কানাডার সঙ্গে থাকার পক্ষের জয় বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নটি চিরতরে বন্ধ করে দিতে পারে।

আলবার্টায় বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুত রয়েছে। প্রদেশটির তেলশিল্প কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম প্রধান কারণ।

স্মিথ এই অসন্তোষের জন্য কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নীতিকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, জলবায়ুবান্ধব নীতি বাস্তবায়নের নামে ট্রুডো সরকার আলবার্টার তেল উৎপাদনশিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল।

আলবার্টার স্বাধীনতার দাবির প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদেরও আগ্রহ রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আলবার্টাকে যুক্তরাষ্ট্রের একটি ‘স্বাভাবিক অংশীদার’ বলে অভিহিত করেছেন। বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের সমর্থক ইলন মাস্কও চলতি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আলবার্টার ‘আলাদা হয়ে যাওয়া উচিত’।

বিচ্ছিন্নতাবাদী নেতারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং রিপাবলিকান রাজনৈতিক কর্মীদের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলবার্টায় বেড়ে ওঠা প্রধানমন্ত্রী কার্নি গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রদেশটির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন।

এ লক্ষ্যে তিনি প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথের সঙ্গে মিলে আলবার্টা থেকে বিদেশে বিটুমিন রপ্তানির জন্য নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ট্রুডো সরকারের আমলে এ ধরনের প্রকল্পকে অসম্ভব বলে মনে করা হতো।

তবে আলবার্টা প্রসপারিটি প্রজেক্টের নেতা মিচ সিলভেস্ট্রে অভিযোগ করেছেন, নির্বাচনি প্রচারণার শেষ দিকে কার্নি প্রদেশটির বাসিন্দাদের হুমকি দিয়েছেন। তাঁর দাবি, কার্নির বার্তা ছিল—কানাডার বিপক্ষে ভোট দেওয়া বিপজ্জনক। সিলভেস্ট্রে এ বক্তব্যকে ‘অত্যন্ত অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে, এডমন্টনে ভোট দেওয়া ৪৪ বছর বয়সী হেইলি এরডেগার্ড বিচ্ছিন্নতাবাদীদের প্রচার করা একটি ধারণা নিয়ে অস্বস্তি প্রকাশ করেন। ওই ধারণা অনুযায়ী, আলবার্টাকে তেল থেকে অর্জিত আয়ের বড় অংশ কানাডার অন্যান্য অঞ্চলের সঙ্গে ভাগ করে নিতে হয়।

তিনি বলেন, ‘আমার মনে হয়, নিজেদের আলাদা দেশ গড়ার মতো কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রটি আরও জোরদার করার জন্য কাজ করা প্রয়োজন।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে অর্থনীতি-বিনিয়োগ
সাবেক দুই মেয়রসহ ঈশ্বরদী উপজেলা আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার