লুটপাট-অগ্নিসংযোগে উত্তপ্ত ফ্রান্স, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ

জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে বিক্ষোভ, সহিংসতা ও ব্যাপক লুটপাটের ঘটনায় ফ্রান্সের রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে আংশিক ও স্থানীয়ভাবে কারফিউ জারি করা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফরাসি শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে যোগ দেন কট্টর ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৭ অক্টোবর) বিক্ষোভে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেন। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। বিভিন্ন শহরে মুখোশধারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট এবং টাউন হল ও পুলিশ স্টেশনে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
এসব ঘটনায় এক হাজারের বেশি পুলিশ সদস্য আহত হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া পুলিশের অভিযানে দুই হাজার ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস পদত্যাগের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু জানান, পুরো প্যারিসে একযোগে কারফিউ জারির পরিকল্পনা নেই। তবে জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে আঞ্চলিক কর্তৃপক্ষকে নির্দিষ্ট এলাকাগুলোতে আংশিক কারফিউ জারির নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের ঐতিহাসিক প্লেস দে লা রিপাবলিক ও লেস হ্যালস শপিং এলাকার আশপাশে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এ ছাড়া সন্ধ্যা ৮টা থেকে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
একই সঙ্গে লিওঁ, নিস, কুলেইনস ও লিলের মতো গুরুত্বপূর্ণ শহরের নির্দিষ্ট এলাকাতেও মঙ্গলবার (২০ অক্টোবর) রাতের জন্য আংশিক কারফিউ ঘোষণা করা হয়েছে। এসব বিধিনিষেধের কিছু অংশ অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও প্রযোজ্য।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী লেকোর্নু বলেছেন, পরিস্থিতির আরও অবনতি হলে ভবিষ্যতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় ও আংশিক কারফিউকে বেশি কার্যকর বলে মনে করছে সরকার।
আগামী শনিবার (২৪ অক্টোবর) ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন। এ পরিস্থিতিতে নতুন করে সহিংসতা এড়াতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে ফরাসি সরকার।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












