এনসিপির ভবিষ্যৎ জিরো’, নাহিদকে ইশরাকের কড়া জবাব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনা করে ফেসবুকে কড়া বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মাদকবিরোধী কর্মকাণ্ড নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০।’
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা এই বিএনপি নেতা মাদকবিরোধী অভিযান ঘিরে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি নাহিদ ইসলামের বক্তব্যেরও সমালোচনা করেন।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’
তরুণ প্রজন্মের উদ্দেশে হতাশা প্রকাশ করে ইশরাক আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’
মাদকবিরোধী উদ্যোগের প্রতি জনসমর্থন রয়েছে দাবি করে তিনি জানান, এ বিষয়ে এক তরুণের ফোন পেয়েছেন। তার ভাষ্য, অনেক মানুষ মাদকের ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে তার উদ্যোগকে সমর্থন জানাচ্ছেন।
এনসিপির ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে ইশরাক লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’
নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি লেখেন, ‘নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’
স্ট্যাটাসের শেষাংশে মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন ইশরাক। তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’
ইশরাকের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে মাদকবিরোধী অভিযানে তার ভূমিকা এবং এ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানা গুরুত্বপূর্ণ।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












