দুর্গাপূজার নিরাপত্তা দেখতে মণ্ডপে মণ্ডপে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে ময়মনসিংহ নগরের কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান। এ সময় তিনি পূজামণ্ডপে দায়িত্বরত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সোমবার তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিআইজি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতাদের ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পূজা উদ্যাপন কমিটির নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













