বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা ও শুল্কসংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল করার নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। বিনিয়োগকারীরা এ সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ১০৯ দশমিক ০৬ ডলারে নেমে আসে।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের নভেম্বরের ডেলিভারি মূল্য ০.৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে দাঁড়ায়। মঙ্গলবার চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। তুলনামূলক বেশি সক্রিয় ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিমূল্যও ৪৬ সেন্ট বা ০.৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও হামলার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও ট্রাম্পের অর্থনৈতিক সিদ্ধান্তের প্রভাবে তেলের বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
এর আগের কার্যদিবসে সরবরাহ সংকটের আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল গত ২০ মে’র পর সর্বোচ্চ দর। তবে রাশিয়ার জ্বালানি পণ্য নিয়ে ট্রাম্পের নতুন নীতিগত সিদ্ধান্তের পর তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় কিছুটা ভাটা পড়েছে।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












