পুলিশের সেই ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে মাদক, যা বললেন জামায়াত আমির

রাজধানীর ৩০০ ফিট এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনা থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতির ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।
জামায়াত আমির বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সমস্যাও রয়েছে। এসব জনদুর্ভোগ নিরসন এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে ডা. শফিকুর রহমান লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।’
এদিকে, এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের অন্য একটি শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













