অতিরিক্ত
ডিআইজি জহিরের বাড়িতে ডিবির অভিযান, চলছিল মাদকসেবন ও ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ নারী ও পুরুষ মিলিয়ে ৮৪ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার ওই বাড়িতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়িটিতে রাতভর ডিজে পার্টি, মাদকসেবন ও মাদকের কারবার পরিচালিত হওয়ার তথ্য ছিল। বাড়িটি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি চলছিল।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ ও কনডম জব্দ করা হয়েছে। এ ছাড়া ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













