বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিতের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন স্থগিত রাখার বিষয়ে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত রাখার পাশাপাশি এর বৈধতা নিয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
আজ মঙ্গলবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ রিটের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০২৪ সালের কমিটি গঠন নীতিমালা এখনো বহাল রয়েছে। এ অবস্থায় কমিটি গঠন স্থগিতের নির্দেশ শিক্ষা বোর্ড দিতে পারে না। এ কারণেই রিট আবেদন করা হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













