সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা, তদন্তে পিবিআই

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করার আবেদন করেছেন। তার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এ আবেদন করেন হিরো আলম। আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। হিরো আলমের আইনজীবী শান্তা সাকছিনা এ তথ্য জানিয়েছেন।
মামলার আবেদনে হিরো আলমের সাবেক স্ত্রী মোসা. সাথী খাতুন (২২) ছাড়াও তার সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলামকে (২৮) অভিযুক্ত করা হয়েছে। হিরো আলমের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন।
এ ঘটনায় এর আগে গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম।
আবেদনের বিবরণ অনুযায়ী, সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চান। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম।
হিরো আলমের অভিযোগ, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন বলেও আবেদনে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার খরচ বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন।
পরে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিনজন মিলে তাঁর কাছে ১৫ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
হিরো আলমের আবেদনে বলা হয়েছে, গত ১২ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে তার জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে বিষপান করার এবং তাকে কারাগারে পাঠানোর হুমকি দেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













