গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানি, বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত

গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির ঘটনায় লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ভুয়া মামলা দিয়ে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিলো আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) খাদেম উল কায়েস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ এবং পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করা আরিফুল ইসলাম বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এ অবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













