নতুন বেতন স্কেল: যেসব কর্মকর্তাকে কাগজপত্র জমা দিতে বলল মাউশি

নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের (পে-ফিক্সেশন) জন্য প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে হবে।
বৃহস্পতিবার মাউশি অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ইন-সিটু হিসেবে কর্মরত সব কর্মকর্তাকে পে-ফিক্সেশনসংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।
অফিস আদেশে বলা হয়েছে, এসব কাগজপত্রের হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়ের ৪৫, পুরানা পল্টনে অবস্থিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। জমা দেওয়া নথিতে সংশ্লিষ্ট কর্মকর্তার অডিট ভলিউম নম্বর ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে মাউশি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












