ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। কোনো প্রকার সুদ ও জরিমানা ছাড়াই আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূল্য সংযোজন কর মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধনপূর্বক ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নতুন এ বিধান কার্যকর হওয়ায় ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কারের প্রয়োজন দেখা দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণিত প্রেক্ষাপটে জনস্বার্থে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারার উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হলো।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৫ অক্টোবর।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













