যে দিনের স্মৃতি আজও কাঁদায়, সেই দিনেই বড়াইগ্রামে আবারও ১৪ মৃত্যু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১৬:৫১
অ- অ+

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে বাস ও ট্রাকের চালকও রয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), একই উপজেলার বড়কান্দি গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০) এবং ডুবিসাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার ছেলে শালাল মোল্লা (৪৫)।

এ ছাড়া জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের শাহিন হোসেন (২৫), একই উপজেলার সামাদ (৭০), কাশেম (৩৫) ও জহুর উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। নিহত বাসচালকের নাম সোহেল রানা (৪০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, আরপি পরিবহনের বাসটি বরগুনা থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। ভোরে সরকারপাড়া এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগতিতে চলা বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এসআই শামীম হোসেন।

দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

১২ বছর আগে একই দিনে প্রাণ হারান ৩৫ জন

বড়াইগ্রামে ১২ বছর আগে একই তারিখে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণহানি হয়েছিল। ২০১৪ সালের ২০ অক্টোবর উপজেলার রাজ্জাকের মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ওই প্রাণহানির ঘটনা ঘটে। সেদিন আহত হয়েছিলেন ৪০ জনের বেশি যাত্রী।

ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী দুটি বাসের সংঘর্ষে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার ১২ বছর পর একই দিনে আবারও বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হলো। পরপর দুই ঘটনার স্মৃতি নতুন করে সামনে আসায় স্থানীয় মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিআইজি জহিরের বাড়িতে ডিবির অভিযান, চলছিল মাদকসেবন ও ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু
ডেঙ্গুতে ৫ মৃত্যু এবং হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
পূজায় অপ্রীতিকর ঘটনার তথ্য নেই: সিলেট রেঞ্জের ডিআইজি