ময়মনসিংহ রেঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে: ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে জানিয়েছেন রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মনিটরিং সেল খোলা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (২০ অক্টোবর) নেত্রকোণা সদর থানার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
ডিআইজি বলেন, ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এসব কার্যক্রম তদারকি করা হচ্ছে।
পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকারও নির্দেশনা দেন তিনি।
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের নেওয়া নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন ডিআইজি। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদ্যাপন কমিটির নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













