মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৯
অ- অ+

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে ৯৯ ডলারের কাছাকাছি উঠেছে।

লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কায় গত কয়েক দিন ধরে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

আজ বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দামও এক ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৯ ডলারে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। গত সপ্তাহেও এই তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়। পরে তা কমে ১০৬ থেকে ১০৭ ডলারের মধ্যে নেমে আসে। গত ১৯ মে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৮ ডলারে উঠেছিল।

অয়েলপ্রাইসডটকমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডব্লিউটিআইয়ের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৮১ ডলারে দাঁড়ায়। অন্য একটি আন্তর্জাতিক বাজার প্রতিবেদনে একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ১০৯ দশমিক ৬৮ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৯৮ দশমিক ৫৫ ডলার উল্লেখ করা হয়েছে। লেনদেনের সময়ের পার্থক্যের কারণে বিভিন্ন প্রতিবেদনে দামের কিছুটা তারতম্য দেখা গেছে।

তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরির অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা। জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জ্বালানি তেল পরিবহন ব্যাহত হয়েছে।

এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার ঘটনাও আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাতের নতুন এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার ঝুঁকি বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও ব্যাহত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার চাপ তৈরি হতে পারে।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, হবে ছয় লেনের সড়ক
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
অভিবাসনবিরোধী অভিযানে ৩ লাখের বেশি ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের