হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ১৬:৪০
অ- অ+

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

পুলিশের পক্ষ থেকে দিলীপ আগরওয়ালাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। আবেদনে বলা হয়, মামলার ঘটনার রহস্য উদ্‌ঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের পরিচয় শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলাটি করা হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পশ্চিম পাশে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনা ঘটে।

মামলার বাদী আব্দুল জব্বারের অভিযোগ, ওই দিন সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে থাকা ছাত্র-জনতার ওপর আসামিদের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গুলিতে তিনি মেরুদণ্ডের নিচে ও কোমরের ওপরের অংশে আহত হন। পরে তাকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় করা এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৯, ৩২৬, ১০৯ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে মঙ্গলবার সোনা ও হীরা কেনার উৎস এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশান থানায় করা একটি মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন এবং চুয়াডাঙ্গা-১ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, নতুন হামলার শঙ্কায় ইসরাইল
ডেঙ্গুতে ৭ মৃত্যু, হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
শার্শায় ১৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু