লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
দুর্ঘটনার কারণে ট্রেনটির যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে তাদের।
ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। অন্যান্য দিনের তুলনায় এদিন ট্রেনটির গতি বেশি ছিল বলে দাবি করেন তারা। নাওটি স্টেশন পার হওয়ার পরপরই ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
এ সময় ট্রেনের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। এতে কয়েকজন যাত্রী হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। কয়েকজনের মাথাও ফেটে যায়। এ ছাড়া আতঙ্কে তাড়াহুড়ো করতে গিয়ে আরও কয়েকজন যাত্রী আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসটি নাওটি ও আজগরা এলাকার মাঝামাঝি পৌঁছালে এর ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে রেলওয়ে পুলিশও কাজ করছে।
এদিকে কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, কর্ণফুলী এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে ট্রেনের সময়সূচিতে কোনো সমস্যা হচ্ছে না। চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












