ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম আকরাম ও হোসাইফা। তারা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী আক্কাছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির সামনে খেলছিল দুই শিশু। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, বাড়ির সামনে খেলাধুলার একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক বলেন, ‘খেলাধুলার সময় ওই দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
(ঢাকা টাইমস/২১অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












