জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’

চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ শুরু হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এমন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হওয়া বাংলাদেশের জন্য গর্বের। এ ধরনের আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
ক্রীড়াক্ষেত্রে নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রতিমন্ত্রী টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে খেলাধুলার প্রকৃত আদর্শ ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












