পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা, তা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১৬:১৮
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঘটনাটিকে ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ বলে অবহিত করেছেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ঘটাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটেছে। এই স্বল্প সময়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা কৃত্রিম তৎপরতা শুরু করেছেন।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, গত ১৭ অক্টোবর (শনিবার) বিকেলে মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন— তা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, দেশের বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী নিজের নিরাপত্তা ব্যতীত কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে এ ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। এই অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন বিদ্যমান থাকা সত্ত্বেও সরকারের একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেয়া, জনমনে ভীতি সৃষ্টি করা এবং তার দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত, আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত। আমি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এ ঘটনার প্রতিকার কামনা করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর সক্রিয় হওয়া জরুরি বলেও মনে করি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইশরাক হোসেন নিজের আইনবিরোধী কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের যে অভিপ্রায় ব্যক্ত করেছেন— তা অগ্রহণযোগ্য। তিনি তার এই কর্মকাণ্ডের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন। তার এমন কর্মকাণ্ড সন্ত্রাসীদের আরও উৎসাহিত করবে এবং জনগণ তা ভালোভাবে নেবে না।

এই অবস্থায় বিবৃতিতে সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং মার্জিত ও জনবান্ধব পন্থায় মাদক নির্মূলসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০৮৮
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হতে পারবেন: হাসনাত
ব্রিজের মুখ ভরাট করে কাশিয়ানীতে সরকারি জমি দখল
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’